অপরিচিত জায়গায় আছেন? ঠিকানা অনুযায়ী অবস্থান বের করতে পারছেন
না? হাতের স্মার্টফোনটির সাহায্য নিন। চলে যান গুগল স্ট্রিট ভিউ সুবিধায়।
গন্তব্যের পুরো ছবিই দেখা যাবে সেটাতে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে গুগল
স্ট্রিটভিউ সুবিধা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল
কাদের। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে ছবি দেখে ঠিকানা খুঁজে বের করার
পদ্ধতিটি বেশ চমৎকার ও যুগান্তকারী। পর্যটন খাত থেকে শুরু করে ব্যবসা—সব
ক্ষেত্রেই স্ট্রিটভিউ ব্যবহার করে নানামুখী উপকার পাবে সাধারণ মানুষ।
পর্যটনশিল্পের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গুগল এশিয়া
প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বলেন, ‘এটা একটি নতুন
মাধ্যম, যেটি ব্যবহার করে ঠিকানা খুঁজে পাওয়ার কাজটি অনেক সহজে হয়ে যাবে।
দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এটি খুবই আকর্ষণীয় হবে।’
সম্মেলনে
উপস্থিত ছিলেন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক কবীর বিন
আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী, এটুআইয়ের
নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ মিশনের পরিচালক জানিনা জারুজেলেস্কিসহ
অনেকে।
গুগলের এই কার্যক্রমে ৬৬তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। এ
কার্যক্রমের সহযোগী ছিল এটুআই। ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এখন গুগল
স্ট্রিটভিউতে ঢাকা ও চট্টগ্রামের পথের ছবি দেখা যাবে।
একই কার্যক্রমের
অংশ হিসেবে বাংলাদেশ স্ট্রিট ভিউ ট্রেকার এবং ওয়্যারেবল ব্যাকপ্যাক নামে
আরও দুটি সুবিধা চালু করল গুগল। যেগুলোর মাধ্যমে লোকজন কম চলাচল করে এমন
রাস্তার খোঁজ ও ছবি পাওয়া যাবে এখানে। ব্যাকপ্যাক ব্যবহার করে হেঁটে হেঁটে
যেকোনো রাস্তার চারদিকের ছবি তোলা যাবে।
গুগল স্ট্রিট ভিউয়ের বিস্তারিত: www.google.com/maps/about/behind-the-scenes/streetview
—রাফাত জামিল
No comments:
Post a Comment