Saturday, April 11, 2015

২০০ কি.মি. যেতে একবার চার্জ!

বাংলাদেশে তৈরি অটোরিকশা একবারের চার্জে পাড়ি দেবে ২০০ কিলোমিটার পথ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অটোরিকশাটির নির্মাতা বাংলাদেশ মোটর সাইকেল ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১ম ঢাকা বাইক শো’তে এই অটোরিকশা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
সুদৃশ্য অটোরিকশাটি দেখতে অনেকটাই সাধারণ রিকশার মতো। তবে এর উপরে রিকশার মতো হুড নেই। এছাড়া এতে সংযুক্ত আছে মোটর, ব্যাটারি, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, মিটার এবং সকেট জাম্পার।
চাকাগুলোতে সাধারণ রিকশার চাকার স্পোক ব্যবহার করা হয়েছে। চার্জ শেষ হয়ে গেলে যাতে রিকশা এগিয়ে নেয়া যায় সেজন্য প্যাডেলেরও ব্যবস্থা আছে অটোতে। এছাড়া ব্যবহৃত প্রায় সব যন্ত্রাংশই স্থানীয় হার্ডওয়ারের দোকানে পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
২০০ কিলোমিটার চলার ক্ষমতার জন্য অটোরিকশার ব্যাটারিকে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা চার্জ দিতে হবে। নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মো. সোহাগ আলী বলেন, এই অটোরিকশাটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। মাত্র ছয় মাসেই এই অটোর সম্পূর্ণ খরচ উঠে আসবে বলেও জানান তিনি।
এই অটোরিকশাটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।

No comments:

Post a Comment